মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ৩ নম্বর ধলপাড়া অঞ্চলের ত্রিমোহিনী এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা শুরু করেছে হিলি থানার পুলিশ বলে খবর।
জানা যায়, হিলি থানার ৩ নম্বর ধলপাড়া অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি দুলাল প্রামাণিককে কোন কারনে গ্রেপ্তার করে হিলি থানার পুলিশ। এদিন এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হিলির ত্রিমোহিনী এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। ঘটনার খবর পেয়ে হাজির হয় হিলি থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পথ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা শুরু করে পুলিশ প্রশাসন বলে খবর।
এই ঘটনায় আয়ুবউদ্দিন প্রামাণিক নামে এক বিক্ষোভকারীর দাবী, অন্যায় ভাবে দুলাল প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে ছেড়ে দেওয়া হোক। তা না হলে তাদের বিক্ষোভ আন্দোলন চলবেই।